ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি- সংগৃহীত

মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবারের মতো দেখা গেল স্পিন বোলিং মেশিন। এর আগে ফাস্ট বোলিং অথবা বাউন্সার খেলার জন্য ক্রিকেটারদের উপযোগী করতে তুলতে মেশিনের ব্যবহার দেখা গেলেও স্পিন বোলিং মেশিন অন্তর্ভুক্ত করা হলো এবারই প্রথম। 

সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন ব্যবহার করা হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে জানান, ১০ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা দিয়ে এ মেশিনটি ক্রয় করা হয়েছে। তিনি বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল৷ কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’ 

শাহরিয়ার নাফীস আরও বলেন, ‘এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার, তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’