ফুটবল ইতিহাসে আরেকটি মাইলফলকের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন লিওনেল মেসি। আর মাত্র একটি গোল করলেই ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলকে পৌঁছে যাবেন তিনি।
শনিবার (৭ মার্চ) ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে দারুণ এক চিপ শটে গোল করেন মেসি। সতীর্থ মাতেও সিলভেত্তির পাস ধরে গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান তিনি।
এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯। অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে দাঁড়িয়ে আছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসি তার ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন বার্সেলোনায়, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। এরপর পিএসজির হয়ে করেছেন ৩২ গোল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রয়েছে আরও ১১৫টি গোল।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের দুর্দান্ত শটে লিড নেয় দলটি। এরপর ১০ মিনিট পর মেসি গোল ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে তাই বারিবোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।
এখন ফুটবলবিশ্বের নজর মেসির দিকে, কারণ তার পরের গোলই হতে পারে ক্যারিয়ারের ঐতিহাসিক ৯০০তম গোল।


