মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ-সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেছে। এই অনুমোদনের আওতায় রয়েছে ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
ঘোষণা অনুযায়ী, কাতার সবচেয়ে বড় অংশের অনুমোদন পেয়েছে। দেশটির জন্য ৪.০১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট এয়ার ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা পরিষেবা এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, কুয়েতের জন্য ২.৫ বিলিয়ন ডলার মূল্যের ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের কাছেও ৯৯২.৪ মিলিয়ন ডলার মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জন্য অনুমোদিত প্যাকেজের মধ্যে রয়েছে ১৪৭.৬ মিলিয়ন ডলারের এপিকেডব্লিউএস বিক্রি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাতার, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের জন্য এই অস্ত্র ব্যবস্থার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস।
এ ছাড়া কুয়েতের ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং কাতারের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে আরটিএক্স ও লকহিড মার্টিন। কুয়েতের চুক্তিতে নর্থরপ গ্রুম্যানও গুরুত্বপূর্ণ ঠিকাদার হিসেবে যুক্ত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন