যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি দেশটিতে যাচ্ছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক ইস্যু এবং লেবাননকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেবেন ভ্যান্স। এর আগে শনিবার (২০ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বিষয়ে অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন।
ভ্যান্স বলেন, পারমাণবিক কর্মসূচি এবং লেবাননের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে তিনি মনে করছেন। তার ভাষ্য, সংবাদমাধ্যমের শিরোনামগুলো দেখে যে পরিস্থিতির ধারণা পাওয়া যায়, বাস্তবে সেখানে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এবং উত্তেজনাও কমেছে।
তিনি আরও বলেন, ইসরাইল ও লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। উভয় দেশের নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাষ্ট্র বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং লেবানন পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা অঞ্চলটির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


