ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রুপির রেকর্ড দরপতন, বিনিয়োগকারী হারাচ্ছে ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:২১ পিএম
ডলারের হিসাবে ভারতীয় রুপি সর্বকালের সর্বনিম্ন দরে পৌঁছেছে। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। ধারাবাহিকভাবে শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করায় দ্রুত পতন ঘটছে দেশটির মুদ্রা রুপির।

মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য নেমে দাঁড়ায় ৯১.০৭১-এ। এই প্রথমবারের মতো ডলারের বিপরীতে ৯১-এর ঘর পার করল রুপি। ডলারের তুলনায় লাগাতার দরপতনের ফলে রুপির ইতিহাসে এদিন রেকর্ড সর্বনিম্ন অবস্থান দেখা যায়।

ভারতের বৈদেশিক মুদ্রা বাজারের লেনদেনকারীরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যেই এক ডলারের বিনিময় মূল্য ৯২ রুপিতে পৌঁছাতে পারে।

অর্থনীতিবিদদের একাংশের মতে, রুপির এই পতন অপ্রত্যাশিত নয়, তবে পতনের গতি উদ্বেগজনক। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার অব্যাহত থাকায় এর সরাসরি প্রভাব পড়ছে মুদ্রাবাজারে।

দিনের শুরুতেই ডলারের বিপরীতে রুপির দর নেমে আসে ৯০.৮৩-এ, যা ছিল তৎকালীন রেকর্ড সর্বনিম্ন।

লেনদেন শুরুর পর রুপি আরও ০.১ শতাংশ কমে দাঁড়ায় ৯০.৭৯-এ। সব মিলিয়ে মঙ্গলবার ডলারের হিসাবে ভারতীয় রুপি সর্বকালের সর্বনিম্ন দরে পৌঁছেছে।