ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় ট্রাকের ধাক্কায় একটি স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১০ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮)-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়।
কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক ডিভাইডার টপকে এসে বাসটিকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে আঘাত করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনাকবলিত বাসটি সিবার্ড কোচ কোম্পানির ছিল। এতে চালক, কন্ডাক্টরসহ ৩২ আরোহী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সচিন বলেন, ‘সিবার্ড বাসটি আমাদের গাড়ি ওভারটেক করেছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাক ডিভাইডার টপকে এসে স্লিপার বাসটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষটি হয় বাসের ডিজেল ট্যাঙ্কের কাছেই।’
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।



