‘নিট’ প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থাটি ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। একই সঙ্গে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শুক্রবার (২৪ জুলাই) উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করার এক দিন পর এ সিদ্ধান্তের কথা জানা যায়।
বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, এনটিএ-তে বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু হচ্ছে। এর অংশ হিসেবে আরও বেশ কয়েকটি সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে অন্তত ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত সরকার। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মতে, তাকে অপসারণ করলে সমস্যার সমাধান হবে না।
শুক্রবার এক সরকারি সূত্র জানায়, ‘পদত্যাগ মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া, আর তা কোনো সমাধান নয়।’
সূত্র : দ্য প্রিন্ট

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন