পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পর পরিস্থিতির ‘ভালো উন্নতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সতর্ক করেছে আরাগচি বলেন, এর অর্থ এই নয় যে খুব শিগগির চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় বৈঠক শেষে ইরানি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
সম্প্রতি ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। এই আলোচনা বিষয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জানিয়েছেন, উভয় পক্ষই স্পষ্ট পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে বৈঠক শেষ করেছে।
বৈঠক শেষে ইরানি সংবাদমাধ্যমকে আরাগচি বলেছেন, বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা কিছু দিকনির্দেশক নীতিতে সাধারণ সমঝোতায় পৌঁছাতে পেরেছি। তিনি এটিকে একটি নতুন সুযোগের জানালা হিসেবে উল্লেখ করেছেন এবং টেকসই সমাধানের আশা প্রকাশ করেছেন। যেখানে ইরানের বৈধ অধিকার পূর্ণ স্বীকৃতি পাবে।
উল্লেখ্য, আরাগচি এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশ কমে যায়।
এদিকে চলমান কূটনৈতিক এ বৈঠক ব্যর্থ হলে , তেহরানে সামরিক আগ্রাসন একমাত্র বিকল্প বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।



