পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে। তবে তার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মিথ্যা দাবি করার অভিযোগ তুলেছে ইরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ ঘালিবাফ দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবকটিই মিথ্যা। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে না এবং আলোচনাও কোনো ফল দেবে না।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ঘালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এতে ইরানের জনগণের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এরপর হরমুজ প্রণালি প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।
তার দাবি অনুযায়ী, এই প্রণালি দিয়ে চলাচল ইরানের নির্ধারিত শর্ত অনুযায়ীই হবে এবং এর জন্য অনুমতি নিতে হবে।
ঘালিবাফ আরও বলেন, মাত্র এক ঘণ্টায় ট্রাম্প সাতটি দাবি করেছেন, যার সবকটিই মিথ্যা।
ধারণা করা হচ্ছে, এর মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত দাবি অন্যতম। ট্রাম্প আগে দাবি করেছিলেন, ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে এবং এর মাধ্যমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছানো গেছে।
তবে সেই দাবি সরাসরি নাকচ করে ইরান জানায়, শান্তিপূর্ণভাবে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার কোনো বহিরাগত শক্তির অনুগ্রহ নয়। তারা আরও স্পষ্ট করে জানায়, কারও হাতে ইউরেনিয়াম তুলে দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন