টানা তিনদিনের তীব্র উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। বৈঠকে কারিগরি পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়েছে।
এর আগে রোববার (২৮ জুন) ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করা হলে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।
এদিকে, ইসরাইল জানিয়েছে, রোববার তারা আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। শুক্রবার লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতির পর শনিবারও একই ধরনের আরেকটি হামলা হয়। ইরানের দাবি, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতও বন্ধ করতে হবে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার কয়েক ঘণ্টা পর তারা আবারও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ সংঘাতের সময়ের বেশিরভাগ সময় কার্যত অচল হয়ে পড়েছিল।
উল্লেখ্য, ১৪ দফার অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য ছিল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যুর সমাধান করা। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করাও এই চুক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন