পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। বুধবার (৭ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেমব্লির স্পিকার সরদার আয়াজ সাদিককে সরকার ও পিটিআইর মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর প্রচেষ্টায় এটাকে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সংসদীয় সূত্রের বরাতে দ্য ট্রিবিউন জানিয়েছে, স্পিকারের অনুরোধে সরকারপক্ষ আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। তবে কেবল পিটিআইর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গেই আলোচনা করা হবে। অনির্বাচিত দলের নেতাদের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই।
খবরে আরও বলা হয়েছে, সরকারের প্রস্তুতি সত্ত্বেও কোনো পিটিআই নেতা এখনও আলোচনা প্রক্রিয়া শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে স্পিকারের কার্যালয়ে যোগাযোগ করেননি। বিরোধী পক্ষ যদি ইঙ্গিত দেয়, তাহলে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার জন্য স্পিকার অবিলম্বে কমিটির একটি সভা আহ্বান করতে প্রস্তুত।
প্রতিবেদন মতে, স্পিকার এর আগেও আলোচনার জন্য পিটিআইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের পরও বিরোধী পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। স্পিকার পিটিআইকে তার সংসদীয় কক্ষের মধ্যে আলোচনায় যোগদানের বিকল্প প্রস্তাব দিয়েছেন।

