ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে আনার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলেছে চীন। সেই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
রোববার (৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করা এবং দেশ থেকে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমানবাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এই অপারেশন বেশ জটিল ছিল। প্রচুর সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এতে। আমি মাত্র চার দিন আগে এ অভিযানের অনুমতি দিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই দুর্দান্ত।’

