ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২, আহত ৮

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪৮ এএম
ঘটনাস্থলের ছবি। -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। হামলার সময় সেখানে পরীক্ষা চলছিল। হামলায় আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরটির মেয়র ব্রাইট স্মাইলি।  

সন্দেহভাজন হামলকারী পুরুষ হতে পারেন বলে জানিয়েছেন পুলিশ, হামলার সময় কালো কাপড় পরা ছিলেন তিনি। হামলার পর হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। 

যদিও হামলার পরপরই এক সন্দেহভাজনকে আটক করেছিল পুলিশ, পরবর্তীতে হামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে হামলার ঘটনা ঘটে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেল ৪টা ২২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায়, বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।

তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কীভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে তারা সেটি এখনো নিরুপণ করতে পারেনি।

হামলার শিকার ব্যক্তিদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।