ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হলিউড পরিচালক দম্পতিকে খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:২৬ পিএম
রেইনার দম্পতি। ছবি- সংগৃহীত

হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের মৃত্যুর ঘটনায় ছেলে নিক রেইনারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন লস অ্যান্জেলেসের প্রসিকিউটর। একাধিক ছুরিকাঘাতে ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডের বাসা থেকে এই দম্পতির লাশ উদ্ধারের দুদিন পর এ মামলা করলেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হচম্যান।

দোষী সাব্যস্ত হলে নিক রেইনারকে শর্তসাপেক্ষে মুক্তির সম্ভাবনা ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। স্বাস্থ্য পরীক্ষা শেষে কারা কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগের মুখোমুখি করা হবে বলে জানান হচম্যান। মঙ্গলবার তিনি বলেন, ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডার’-এর দুটি ঘটনায় অভিযোগের সম্মুখীন করা হচ্ছে নিক রেইনারকে।

সংবাদ সম্মেলনে হচম্যান বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মৃত্যুদণ্ড চাইবেন কিনা, এখনো সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৩২ বছর বয়সী নিক রেইনারের বিরুদ্ধে বিপজ্জনক ও প্রাণঘাতী অস্ত্র (একটি ছুরি) ব্যবহারের অভিযোগও আনা হচ্ছে বলে জানান তিনি।

বিভিন্ন ঘরানার বেশ কিছু বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছেন রব রেইনার। এগুলোর মধ্যে ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘মিজারি’ ও ‘এ ফিউ গুড মেন’ অন্যতম। স্ত্রী মিশেল রেইনার ছিলেন  একাধারে অভিনেত্রী, আলোকচিত্রী ও প্রযোজক । ‘রেইনার লাইট’ নামে একটি আলোকচিত্র সংস্থা ও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও ছিলেন মিশেল।