× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৫৪ এএম

বললেন স্বাস্থ্যমন্ত্রী

অবহেলা-দুর্নীতি হলেই চাকরিচ্যুতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৫৪ এএম

অবহেলা-দুর্নীতি  হলেই চাকরিচ্যুতি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানেই চাকরিচ্যুতি হবে। শুধু বদলি বা ট্রান্সফারে তিনি বিশ্বাস করেন না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি, ঘুষ ও অনিয়ম কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

গতকাল শনিবার দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে। সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে চলতি বছরই একটি বড় পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের কল্যাণে একের পর এক নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত হয় এবং দেশ বিশ্বে মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে।’ এবারের বাজেট শুধু অর্থের বাজেট নয়, এটি আদর্শের বাজেট। এই আদর্শ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে এবং দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে নাÑ বলেন মন্ত্রী।

মন্ত্রী জানান, চলতি বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ চলছে। খুব শিগগিরই স্থান চূড়ান্ত করে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে। এ ছাড়া চীনের সহযোগিতায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, তার একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনা রয়েছে। শহরের আশপাশেই হাসপাতালটি নির্মাণের চেষ্টা করা হবে।’

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!