যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
গাজার পুলিশ বিভাগ জানিয়েছে, খান ইউনিসের আল-আমাল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে পুলিশ তদন্ত বিভাগের পরিচালক উইসাম আবদেল হাদি এবং সার্জেন্ট ফাদি হেইকাল নিহত হন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
হামাস এক বিবৃতিতে বলেছে, গাজার পুলিশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক সন্ত্রাসের অংশ। সংগঠনটির দাবি, গাজায় আইনশৃঙ্খলা ভেঙে ফেলা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতেই এসব হামলা চালানো হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, গাজার স্বাস্থ্যব্যবস্থা কার্যত যুদ্ধের আরেকটি শিকারে পরিণত হয়েছে। সংস্থাটির মুখপাত্র বলেন, অনেক হাসপাতাল গোলাবর্ষণ ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়ে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা হারিয়েছে।
তিনি জানান, যুদ্ধবিরতির পর বড় আকারের হামলা কিছুটা কমলেও প্রতিদিনই গাজায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। আহত শিশু ও সাধারণ মানুষের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকেরাও মানসিকভাবে ভেঙে পড়ছেন।
রেড ক্রসের ভাষ্য অনুযায়ী, গাজাবাসীর জন্য মৃত্যু, ভয় ও ধ্বংস এখন প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।

