সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের মূল প্রবেশ ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল রোববার দুপুরে গেটের ডান পাশে গ্রেনেডগুলো পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিচারপতিদের প্রবেশ গেটের কাছে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখেন কয়েকজন। তাৎক্ষণিকভাবে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো নিয়ে যায়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান রূপালী বাংলাদেশকে জানান, দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট। গ্রেনেডগুলো উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

