সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন হলো, তাতে নিরঙ্কুশ জয় পেলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সমিতির ২০২৬-২০২৭ সেশনের এই নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতে জয় পেয়েছে। আর জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে শুধু একজন সদস্য পদে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। বৃহস্পতিবার গভীর রাতে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে দুই সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. জিয়াউর রহমান। আর দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।
সাতটি সদস্য পদের মধ্যে নীল প্যানেলের ছয়জন জয়ী হয়েছেন। তারা হলেনÑ এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সদস্যপদের বাকি একটিতে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
গত বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির অডিটরিয়ামে এ নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪ হাজার ৪৮ জন, যা মোট ভোটারের ৩৬.৪৮ শতাংশ। বিগত বছরগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতির হার কম ছিল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২০২১ মেয়াদে ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৯৪০টি ভোট পড়েছিল। তবে ২০২৩-২০২৪ মেয়াদে ভোটারসংখ্যা ৮ হাজার ৬০২ জন হলেও ভোট পড়ে মাত্র ৪ হাজার ১৩৭টি। এবারের নির্বাচনে ভোটারসংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেলেও ভোট পড়েছে অর্ধেকেরও কম।

