বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪ এর গ্র্যান্ড ফাইনালে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) চার শিক্ষার্থী। বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন।
প্রতিযোগিতার প্রথম ধাপে অনলাইন কুইজ রাউন্ড অনুষ্ঠিত হয়। এ ধাপে উত্তীর্ণদের নিয়ে আয়োজন করা হয় কেস সলভিং রাউন্ড। পরবর্তীতে গত শুক্রবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
ফাইনাল পর্বে শেকৃবির শিক্ষার্থী মৌমিতা সরকার উপমা এগ্রিকালচার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। অ্যানিমেল হেলথ অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে মোহাইমিনুর রহমান তৃতীয় স্থান লাভ করেন।
এ ছাড়া লাইভস্টক প্রোডাকশন ক্যাটাগরিতে মো. ওয়ালিদ সাইফুদ্দিন দ্বিতীয় এবং সুশিলা পাল তৃতীয় স্থান অর্জন করেন।
শেকৃবি পরিবারের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যতে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে তাদের অনুপ্রাণিত করবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণার সক্ষমতা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণেরই প্রতিফলন।

