পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এ ছাড়া এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে করে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশী হজযাত্রী। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের দৈনিক বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন করে মারা যাওয়া হজযাত্রীর নাম সাজেদা বেগম (৫৬)। সোনাগাজীর বাসিন্দা এই নারী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যান। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় পাঁচজন মারা গেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।
আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

