সুন্দরবনে বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবন অঞ্চলকে দস্যুমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা জানতে পারে, বাগেরহাটের শরণখোলা থানাধীন আমুরবুনিয়া ফরেস্ট অফিস-সংলগ্ন ড্রেনের খাল এলাকায় করিম শরীফ বাহিনীর ডাকাতেরা অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় কোস্ট গার্ড। বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিন বাচ্চু হাওলাদার নামে এক ডাকাতকে আটক করা হয়। আটক ৪৫ বছর বয়সি বাচ্চু হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
অভিযানকালে ডাকাতদের কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, একটি কাঠের বোট এবং শিংসহ হরিণের এটি মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতদের ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করে দেয় কোস্ট গার্ড। পরে আটক ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে কোস্ট গার্ড ও পুলিশ মোরেলগঞ্জে তার বাড়িতে যৌথ অভিযান চালিয়ে আরও কিছু সরঞ্জাম উদ্ধার করে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে নিরাপদ ও দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন