খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগে ঢাকা কলেজ কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরীক্ষা চলার সময় অভিযুক্তদের কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জনকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ কেন্দ্রে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জালিয়াতির অভিযোগে মোট ৫০ জনকে আটক করা হয়, যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
অভিযুক্তদের মধ্যে ২৮ জনকে পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ এবং বাকি ২২ জনকে কেন্দ্রের বাইরে ঢাকা কলেজের মূল ফটক থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত ১৬ জনকে ফৌজদারি দ-বিধির ২৪৫ ও ২৫৮ ধারা অনুযায়ী ১ থেকে ৭ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘পরীক্ষার সময় যাদের সন্দেহজনক মনে হয়েছে, পরবর্তী সময়ে চেক করে তাদের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। মোবাইলে মেসেজ পাওয়া গেছে। পরীক্ষার সময় তারা প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠিয়েছে, এরপর বাইরে থেকে সেই উত্তর এসেছে।’
অধ্যক্ষ আরও বলেন, ‘এর মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা হলো যারা গেটের বাইরে ঢোকার সময় ধরা পড়েছে। আরেক গ্রুপকে পরীক্ষার হল থেকে ধরা হয়েছে। এরপর জালিয়াতির সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রুম থেকে ধরে এনে আলাদা দুইটা রুমে রাখা হয়েছিল। পরে কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের কাছে তাদের সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। জালিয়াত চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

