দীর্ঘ বিরতির পর সিনেমা পরিচালনায় ফিরছেন কলকাতার নির্মাতা স্বপন সাহা। কোভিড অতিমারির পর থেকেই হাতে কোনো কাজ ছিল না তার। শরীর অসুস্থ থাকায় টালিউডের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। আবার নিজের ঘরানায় ফিরছেন তিনি। পুরোপুরি বাণিজ্যিক সিনেমা নিয়ে স্বমহিমায় দেখা যাবে পরিচালককে। সিনেমার নাম ‘মন ছুঁই’।
নায়িকার লড়াই নিয়েই তৈরি সিনেমার গল্প। মুখ্য চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। নায়িকার মতে, ‘আমি বাস্তব জীবনে খুবই ফিল্মি। তাই কমার্শিয়াল সিনেমা এবং তার সঙ্গে স্বপন সাহা পরিচালনা করবেন শুনেই উচ্ছ্বসিত হয়েছি। মূলধারার সিনেমাতে যে স্বপ্নের দৃশ্য থাকে, তা করতে পারব, নাচ-গান থাকবে, সেটাও নতুন অভিজ্ঞতা হবে। প্রেমের সিনেমা, আর রোহনের সঙ্গে আমার প্রথম জুটি বাঁধা। আশা করি, দর্শকেরও নতুন জুটি ভালো লাগবে। আর যেটা স্বপ্নের মত লাগছে সেটা হল, আমি আশা ভোঁসলের গাওয়া গানে লিপ দেব। তার গাওয়া একটা গান আমার লিপে থাকবে, এটা যে কোনও নায়িকার ক্যারিয়ারে সবচেয়ে বড় পাওনা। আমার ক্ষেত্রেও তাই।’
দর্শনার বিপরীতে প্রথমবার দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। মূলধারার সিনেমা করার বিষয়ে নায়ক-নায়িকা দু’জনেই একমত। গ্রামের দর্শকের কাছে পৌঁছতে গেলে মূলধারার সিনেমাকে ফেরাতেই হবে, একই সুরে বলে ওঠেন রোহন-দর্শনা।
সিনেমাটিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অনামিকা সাহা, লাবণী সরকার, বিশ্বনাথ বসুর মতো শিল্পীদের। সিনেমাতে শোনা যাবে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে ও জুবিন গর্গের রেকর্ড করা বাংলা গানও, যা কয়েক বছর আগেই রেকর্ড করে রেখেছিলেন সিনেমার প্রযোজকেরা। জুলাইয়ে সিনেমার শুটিং শুরু করার কথা স্বপন সাহার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন