পটুয়াখালীর দুমকিতে উইমেন এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং হিউম্যান রিলিফ বাংলাদেশের সহযোগিতায় দেড় শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় দুমকি ডব্লিউইএফ কার্যালয় চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। ডব্লিউইএফের নির্বাহী পরিচালক পারভিন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুমকি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহ. অলিউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা একেএম হারুন অর রশিদ। পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. কামাল হোসেন, মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক বয়স্ক, গরিব ও শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

