পটুয়াখালীর দুমকিতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলা থানাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, দুধ ও তেলের বোতলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, থানাব্রিজের পূর্বপাশে মো. আলামিনের মুদি দোকান, পশ্চিমপাশে গোলাম সারোয়ার হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন মো. মাহাবুব খানের মুদি দোকান, জাকির হোসেন খানের মুদি দোকান, আলো খানের চায়ের দোকান, ছিদ্দিক হাওলাদারের ভ্যারাইটিজ স্টোর এবং আবদুর রব ও ইউনুসের ভাতের হোটেলে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, থানাব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে নৈশপ্রহরীর অভাব রয়েছে, যা চুরির জন্য সুযোগ সৃষ্টি করেছে। দুমকি থানার এসআই মো. তাওহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে এবং চোর ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।

