বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পলাশ হোসেন (৪০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু ম-লের ছেলে। এ ছাড়াও তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। এসব তথ্য বাসসকে নিশ্চিত করেছেন দুপচাঁপিয়া থানার ওসি তাজলিমুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

