টাঙ্গাইল সদর উপজেলায় মাসুদ (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ ওই এলাকার লাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন মাসুদ। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, নিহতের মাথার পেছনে ও কানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন