সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ত সরকারি ইজারার আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন আড়তদার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে কুতুবের চর মৎস্য আড়ত চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ব্যবসাকে আরও গতিশীল ও এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে সলঙ্গার কুতুবের চর এলাকায় ২০২৩ সালে কুতুবের চর মৎস্য আড়তদার সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মৎস্য আড়তটি প্রতিষ্ঠা করা হয়। আড়ত স্থাপনের জন্য ব্যবসায়ীরা ৩০ শতক জমি সরকারকে লিখে দেন। তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে চলনবিল অঞ্চলের মৎস্যচাষিরা এই আড়তে মাছ বিক্রি করে আসছেন। এখানকার মাছ দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

