খুলনার পাইকগাছার শিববাটী রাস মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পূজারিরা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি তাদের নজরে আসে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাইকগাছা থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি এবং জামায়াতের এমপি প্রার্থী মাও. আবুল কালাম আজাদ।
নাম প্রকাশ না করার শর্তে মন্দির সংশ্লিষ্ট একজন জানান, ‘সোমবার সন্ধ্যায় কয়েকজন নারী পৌরসভার শিববাটী রাস মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা পুরুষ সদস্যদের জানালে পুলিশ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের খবর দেওয়া হয়।’
তিনি আরও জানান, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মন্দিরের সমন্বয়ে রাসপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজার পর প্রতিমা মন্দিরে সংরক্ষণ করা হয় এবং প্রতিদিন সন্ধ্যায় পূজা প্রদান করা হয়। তবে কখনো এমন ঘটনা ঘটেনি।
মন্দির কমিটির নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন