দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং এটি বাস্তবায়িত হলে বন্যা ও খরা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, খালের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ধান চাষ, মাছ চাষ এবং খালপাড়ে গাছ রোপণ সম্ভব হবে। পাশাপাশি খালের পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা কমে আসবে।
মন্ত্রী আরও বলেন, ‘খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা-খরা’—এই ধারণা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। খাল খনন কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে তিনি শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করেন এবং খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং জেলা–উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন