চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ধর্ষণকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে আরও এক সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলায় গ্রেফতার দুই আসামি হলেন উত্তর হাশিমপুর এলাকার মৃত মোহাম্মদ নাছিরের ছেলে মো. ফয়সাল (২৬) এবং একই এলাকার মো. ইউনুচের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭)। অভিযানের সময় মূল আসামি আবুল ফয়সাল ওরফে ফয়সালের মালিকানাধীন এবং ঘটনাকাণ্ডে ব্যবহৃত সিএনজি উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে সিআর মামলার আসামি সানজিদা আক্তার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কানাইমাদারী এলাকার ইউনুছ আহমদ চৌধুরীর স্ত্রী।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার (২৮ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন