চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় করেছে। এককভাবে এত বড় অঙ্কের কর আদায়কে চসিকের ইতিহাসে অন্যতম বৃহৎ রাজস্ব আদায় হিসেবে দেখা হচ্ছে।
চসিক সূত্র জানায়, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে ধারাবাহিক আলোচনা, প্রশাসনিক উদ্যোগ এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ আদায় সম্ভব হয়েছে। এতে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি নগরীর অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা সম্প্রসারণে এ অর্থ ব্যয় করা হবে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন যে কর নির্ধারণ করেছে, বন্দর কর্তৃপক্ষ তা মেনে নিয়েছে। তবে কর নির্ধারণের বিষয়ে তারা সিটি কর্পোরেশন বিধিমালা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছে। বিধি অনুযায়ী আপিল করার আগে নির্ধারিত করের ৭৫ শতাংশ পরিশোধ করতে হয়। সে অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা সিটি কর্পোরেশনের অনুকূলে জমা দিয়েছে।’তিনি আরও বলেন, ‘এই অর্থ আদায় হওয়ায় চট্টগ্রাম নগরীর উন্নয়নমূলক কাজে আরো গতি আসবে।’
চসিকের দাবি, বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এই কর আদায় একটি উল্লেখযোগ্য সাফল্য।এর আগে গত বছরের ১৬ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকার কর আদায় করেছিল চসিক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন