‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (এক শিশু, এক গাছ) কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় একটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন।
উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জি.এ. মিল্টন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীনসহ অন্যান্য শিক্ষকরা।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারের পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন