রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অভিযানে এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ অভিযান চালানো হয়।
বাহিনীটি বলছে, আটক ব্যক্তি আবু ফয়সাল (৪০) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা দূর-দূরান্তের রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছিলেন। অভিযোগ রয়েছে, তিনি তাদের বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
বিষয়টি নজরে এলে ক্যাম্প ইনচার্জ পিসি মো. কামাল পারভেজের নেতৃত্বে এবং আনসার সদস্য পরআং মারমার সক্রিয় অংশগ্রহণে কর্তব্যরত আনসার টহল দল তাৎক্ষণিক ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
হাসপাতালে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং দালালদের দৌরাত্ম্য রোধে আনসার বাহিনীর এ তাৎক্ষণিক ও পেশাদার অভিযানের প্রশংসা করেছেন সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে জনভোগান্তি কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং দালালচক্রের তৎপরতা প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মিটফোর্ড হাসপাতালের এ অভিযান সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন