জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিকে সামনে রেখে শুধু স্মরণ অনুষ্ঠান নয়, বরং আন্দোলনের রাজনৈতিক ও আদর্শিক উত্তরাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে দলটি জুলাই অভ্যুত্থানকে নতুন বাংলাদেশ নির্মাণের কেন্দ্রীয় রাজনৈতিক বয়ান হিসেবে তুলে ধরতে চাইছে।
দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। সেই ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তবে, শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এর সঙ্গে যুক্ত করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা, পেশাজীবীদের আলোচনা, নারী ও কৃষক সমাবেশ, শিক্ষার্থী কার্যক্রম এবং শহীদ স্মরণ অনুষ্ঠান। অর্থাৎ বিভিন্ন সামাজিক শ্রেণিকে সম্পৃক্ত করে জুলাই অভ্যুত্থানকে একটি বিস্তৃত সামাজিক-রাজনৈতিক স্মৃতিতে রূপ দেওয়ার চেষ্টা করছে দলটি।
এনসিপি আরও বলেছে, তাদের বিশ্বাস জুলাই কেবল একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ নির্মাণের প্রতীক। এই বিশ্বাস থেকেই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করাই কর্মসূচির মূল উদ্দেশ্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় গণআন্দোলনের উত্তরাধিকার প্রতিষ্ঠা ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। এনসিপির এই মাসব্যাপী কর্মসূচিকেও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন