মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে সুরক্ষিত রাখতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ী গ্রামে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সচেতনতামূলক সভা।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় গ্রামের রাজ্জাক টি-স্টোরে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত সভায় গ্রামের সর্বস্তরের মানুষ, সমাজের মাতব্বর, পেশাজীবী, যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, ধীরে ধীরে একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং স্থানীয়ভাবে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনায় মাদক প্রতিরোধের পাশাপাশি গ্রামে চুরি ও অন্যান্য অপরাধ দমন, গভীর রাতে অপ্রয়োজনীয় চলাফেরা নিয়ন্ত্রণ, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের ফসল রক্ষায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়; সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ গ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে যেকোনো মূল্যে বড় মৌকুড়ী গ্রামকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিত সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন