কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার গতকাল (২৯ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তর দিকে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়।
বিজিবি জানায়, বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদলের সদস্যদের সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছের টুকরির ভেতর বিশেষ কৌশলে লুকানো খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ৬টি কার্টনে সংরক্ষিত মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাশেদুল উখিয়ার বালুখালী নলবুনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, নিজে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ ধরার জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত অতিক্রম করে পাচার করে আসছিলেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘মাদক সরবরাহকারী চক্র ও তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন