কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই ফুলবাড়ী উপজেলার গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টার দিকে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর বিদ্যাবাগিস এলাকায় পরিচালিত অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। একই দিন রাত ১২টা ৪০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ভেন্নিরতল এলাকায় পরিচালিত অভিযানে ৩৮২ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে টহল দলের সদস্যরা সন্দেহভাজন চোরাকারবারিদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ৩৮২ পিস ভারতীয় ইয়াবার সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপের সিজার মূল্য ২০ হাজার টাকা। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় জড়িত মাদক চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন