হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে বিমানবন্দরের কার্গো হোল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, দুবাই থেকে আগত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ (BG 148)-এ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে অংশ নেয় গোয়েন্দা সংস্থা, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টমস হাউজ।
অভিযান শেষে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৮.৭২০ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর বিশেষ অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটি অবতরণের পরপরই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে এভসেক, কাস্টমস এবং বিমান সিকিউরিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে অভ্যন্তরীণ প্যানেলের ভেতর থেকে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন