নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। নিহত সিয়াম লস্করদী গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে এলাকায় সালিস অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বেঁধে যায়। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপর পক্ষের দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ বলছে, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন