ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পক্ষীয় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতীরবা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে ইব্রাহিম ও তার পরিবার বাড়িতে আসেন। এদিন সকালে বাড়ির ভেতরে ভোট দেওয়া নিয়ে অপর পক্ষের সঙ্গে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে রাতে আবার উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধানের শীষের পক্ষে নুর ইসলামের ছেলে কিবা দা হাতে নিয়ে মুস্তাফিজের ছেলে হাসানের দিকে তেড়ে গেলে হাসানও ঘর থেকে দা নিয়ে কিবার ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


