সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি জামে মসজিদের জমি দখল ও অবৈধ ভবন নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন পূর্বপাড়া জামে মসজিদের ৬০ শতক ভূমি রক্ষায় স্থানীয় মুসল্লি আইয়ুব আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে অভিযোগ জানিয়ে আসছেন। তবে অভিযুক্ত ব্যক্তি এবং ভূমি সার্ভেয়ারের বক্তব্যে বিষয়টি ভিন্ন রূপ নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইন মৌজার (জে.এল.নং ১২১, খতিয়ান নং ১, দাগ নং ৮৯৫) ৬০ শতক ‘মসজিদ শ্রেণী’ ভূমিতে গোয়াইন পূর্বপাড়া জামে মসজিদ অবস্থিত। অভিযোগকারী আইয়ুব আলীর দাবি, মসজিদ কমিটির কতিপয় সদস্যের সহায়তায় স্থানীয় বাসিন্দা তেরা মিয়া (৫০) মসজিদের আঙ্গিনায় অবৈধভাবে দালান নির্মাণ করছেন। এই নির্মাণকাজ বন্ধ এবং সরকারিভাবে মসজিদের সীমানা নির্ধারণের দাবিতে গত ১৯ জানুয়ারি আইয়ুব আলী জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত আবেদন করেন। আইয়ুব আলীর ভাষ্যমতে, মসজিদ আল্লাহর ঘর। আমি সাধারণ মুসল্লিদের পক্ষ হয়ে একাই এর প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে সুবিচার চেয়েছি।
এদিকে, অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তেরা মিয়া। তিনি দাবি করেন, মসজিদের ৬০ শতক ভূমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত এবং সেখানে রড গেড়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। তিনি নিজের খরিদা জমিতেই ভবন নির্মাণ করছেন।
তেরা মিয়া বলেন, আমি দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলাম। প্রবাস থেকে উপার্জিত টাকায় কেনা জমিতেই আমি বিল্ডিং করছি। বরং আমার নিজস্ব কেনা জায়গা থেকে ২ শতক কম রয়েছে। এছাড়া আমার জায়গায় গ্রামের মানুষের চলাচলের রাস্তা রয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।
পরিস্থিতির নিরপেক্ষ অনুসন্ধানে গোয়াইনঘাট উপজেলা ভূমি সার্ভেয়ার মো. কাজল তালুকদার জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমরা মসজিদের ৬০ শতক জায়গা মাপজোক করে দেখেছি। নির্মাণের জন্য চিহ্নিত কলাম মসজিদের জায়গা থেকে দূরে রয়েছে। তাছাড়া সিলেট সিভিল কোর্ট কমিশন থেকেও উক্ত জায়গাটি মেপে দেওয়া হয়েছে।
একদিকে স্থানীয় মুসল্লিদের মসজিদের পবিত্রতা ও সম্পত্তি রক্ষার দাবি, অন্যদিকে আদালতের মাধ্যমে সীমানা নির্ধারণের দাবি—সব মিলিয়ে এলাকাটিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মুসল্লিরা এই ভূমি বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন