রাজধানী ঢাকার আদাবর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে শেখেরটেক ও নবোদয় হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুবায়ের জুয়েল রানা জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চক্র বড় ধরনের ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ও তেজগাঁও জোনের একটি টিম যৌথভাবে অভিযান চালায়। রাতে শেখেরটেক ও নবোদয় হাউজিংয়ের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। পরিকল্পনার প্রাথমিক পর্যায়েই অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।
আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন