ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘হাফেজ্জী হুজুর সরণি’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৪৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত উন্নয়নকৃত সড়কটি প্রখ্যাত আলেম ও সর্বজনশ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর-এর নামে নামকরণ করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) কসাইবাড়ি রেলগেট এলাকায় নবনামকৃত ‘হাফেজ্জী হুজুর সরণি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের কল্যাণে আলেম ও উলামাদের দীর্ঘদিনের যে অবদান, হাফেজ্জী হুজুর ছিলেন তার অগ্রদূত।’

তিনি বলেন, ‘একসময় আলেম-ওলামারা শুধুমাত্র দ্বীনি শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলেম সমাজকে যুক্ত করেছেন।’

প্রশাসক বলেন, ‘হাফেজ্জী হুজুর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন না; দেশের সব আলেম-ওলামার কাছেই তিনি সর্বজন শ্রদ্ধেয়। তাঁর অবদান স্মরণ করেই সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।’

তিনি আরও জানান, আজমপুর থেকে কলোনি পর্যন্ত উত্তর–দক্ষিণমুখী প্রধান সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের নামে নামকরণ করা হবে।