শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে বিশেষ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (০১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নগরীর ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের জনস্বার্থমূলক মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন