দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মান বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বাড়ানো হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এ নিয়ে এ বছর টানা ষষ্ঠবারের মতো দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

