বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) বি-৯৮৫-এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (৮ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন এবং অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের ৬২ বছরের দীর্ঘ পথচলা, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের বিভিন্ন অর্জনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ঐক্য, শৃঙ্খলা, জবাবদিহিতা ও কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিবিএর ঢাকা ইউনিট কমিটির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য দেন মো. সাহাবুদ্দিন আহমেদ, মো. শফিউদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম এবং মো. আসলাম।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন