ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে পৌঁছে গেলেন তরুণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে এক তরুণ রানওয়ের কাছাকাছি এলাকায় প্রবেশ করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুমতি ছাড়া কোনো সাধারণ যাত্রীর ওই এলাকায় যাওয়ার সুযোগ নেই। ঘটনাটি মঙ্গলবার ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে ঘটে।

আটক তরুণের নাম ফেরদৌস (২২)। তিনি অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে প্রবেশ করে সরাসরি রানওয়ের নিকটবর্তী অ্যাপ্রোন এলাকায় চলে যান। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ফেরদৌসের বাড়ি মেহেরপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামাকে নিতে বিমানবন্দরে এসেছিলেন। তবে বিমান অবতরণে বিলম্ব হওয়ায় তিনি কৌতূহলবশত রানওয়ের দিকে চলে যান। পরে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার সতর্কতা জারির পর সোমবার থেকেই দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই এমন ঘটনা ঘটায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ঝুঁকির প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এবং সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে।