জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানিয়ে আরও সংযত মন্তব্য করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিব নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ করে লেখেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা থাকলেও, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে টকশোতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, নিলোফার মনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিক। তাই ভবিষ্যতে এ বিষয়ে আরও দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল অবস্থান থেকে বক্তব্য দেবেন এমন প্রত্যাশাই করছেন তিনি।
এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, জুলাইয়ের আন্দোলনে কারা মূল নেতৃত্বে ছিলেন, তা স্পষ্টভাবে কেউ জানতেন না। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই একে অপরের পরিচিত ছিলেন না। তার দাবি, অনেক মানুষ প্রতিবাদে আবেগের বশে রাস্তায় নেমেছিলেন এবং গুলিতে নিহত হওয়ার ঘটনাগুলোও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি।
একই অনুষ্ঠানে আন্দোলনটি পূর্বপরিকল্পিত ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাপ্রবাহে পরিকল্পনার ছাপ ছিল, তবে এটিকে ষড়যন্ত্র বলা যাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তার ভাষ্য, আন্দোলনের পুরো নিয়ন্ত্রণ শুধুমাত্র অংশগ্রহণকারীদের হাতে ছিল না; অনেকেই পরিস্থিতি পুরোপুরি না বুঝেই অন্যায়ের প্রতিবাদে যোগ দিয়েছিলেন।
আলোচনার এক পর্যায়ে নিলোফার মনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে অনেক অনুসন্ধান করার চেষ্টা করেছেন। তবে এখনও এমন অনেক প্রশ্ন রয়েছে, যার সন্তোষজনক উত্তর তিনি খুঁজে পাননি।
এ ছাড়া তিনি দাবি করেন, বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার অস্ত্র ছিল না। তার মতে, যেসব স্নাইপার হামলার অভিযোগ উঠেছে, সেগুলো বাইরের কোনো উৎস থেকে হয়ে থাকতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন