নারায়ণগঞ্জের পাগলা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা প্রায় ১২ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন